পটুয়াখালীর কুয়াকাটায় একটি ট্রলারে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। দীর্ঘদিনের মাছের আকাল, নিষেধাজ্ঞা এবং জ্বালানিসংকটে কষ্ট পাওয়া জেলেদের মধ্যে এতে কিছুটা স্বস্তি এসেছে।

আজ শুক্রবার সকালে ট্রলারের মাঝি আবদুল কাদের মহিপুর মৎস্য বন্দরে মাছগুলো নিয়ে আসেন। নিলামে সাড়ে তিন মণ মাছ প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। ফলে প্রতি কেজি কোরাল মাছের দাম হয় এক হাজার ২২৫ টাকা।

স্থানীয়দের কাছে থেকে জানা গেছে, দীর্ঘদিন পর এত পরিমাণ কোরাল মাছ একসঙ্গে ধরা পড়ায় সকাল থেকেই মহিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে এমন দৃশ্য দেখতে সেখানে উপস্থিত ছিলেন।

ট্রলারের মাঝি আবদুল কাদের বলেন, ‘দীর্ঘদিন পর এত কোরাল মাছ পেয়ে আমরা খুব খুশি। প্রায় দুই মাস পর একসঙ্গে বেশি পরিমাণ মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা মুক্তকণ্ঠকে জানান, সমুদ্রে প্রাকৃতিক নানা কারণে কখনো কখনো মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরার পরামর্শ দেন তিনি।

এই মৎস্য কর্মকর্তা আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।