ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ইসরায়েলের প্রযুক্তি খাতকে নজিরবিহীন সংকটে ডুবিয়েছে। ইসরায়েল ইনোভেশন অথরিটির এক জরিপের তথ্যমতে, দেশটির প্রায় ৫০ শতাংশ ছোট স্টার্টআপ ও প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠানে এখন কর্মীর অভাব চলছে। ফলে তাদের পণ্য উদ্ভাবন এবং বাজারজাতকরণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দীর্ঘস্থায়ী এই ইরান যুদ্ধ ইসরায়েলের ব্যবসায়ী ও সাধারণ কর্মীদের কঠিন পরীক্ষায় ফেলেছে। প্রযুক্তি খাতের হাজার হাজার দক্ষ কর্মী এখন দেশটির রিজার্ভ ডিউটি বা সামরিক দায়িত্ব পালন করছেন। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাইরেনে বারবার নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ায় অনেকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। এসব প্রভাব যাচাই করতে ইসরায়েল ইনোভেশন অথরিটি ৬৩৭ জন প্রতিষ্ঠাতা, সিইও ও উচ্চপদস্থ কর্মকর্তার ওপর জরিপ চালিয়েছে। জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক প্রতিষ্ঠান তাদের মোট জনশক্তির ২৫ শতাংশের বেশি কর্মীকে কর্মক্ষেত্রে পাচ্ছে না। এর প্রধান কারণ সামরিক দায়িত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ এবং নিরাপত্তা বিধিনিষেধ।

ইসরায়েল ইনোভেশন অথরিটির প্রধান ড্রর বিন জানিয়েছেন, বর্তমানে এই খাত মানবসম্পদ, সরবরাহব্যবস্থা, পণ্য উন্নয়ন ও পুঁজি সংগ্রহের ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। তবে বিগত বছরের অভিজ্ঞতা বলে, এই খাতের দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে।

জরিপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২ শতাংশ জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে পণ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। ২২ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে পণ্য উন্মোচন অনেকদিন পিছিয়ে দিয়েছে। কর্মীর সংকটের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের বিধিনিষেধ প্রযুক্তি খাতের ব্যবসা কার্যক্রমকে পঙ্গু করে দিয়েছে।

অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান জানিয়েছে, যুদ্ধের কারণে প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে তারা চরম সমস্যায় পড়েছে। ফলে স্থানীয় উৎপাদন ব্যবস্থা থেমে গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের বন্ধ থাকা মালামাল পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক, বৈশ্বিক সম্মেলন এবং নতুন অংশীদারত্ব গড়ার পথেও বড় বাধা সৃষ্টি করেছে।

ইসরায়েলের প্রযুক্তি খাত মূলত বিদেশি পুঁজির ওপর নির্ভরশীল। দেশটির টেক স্টার্টআপগুলোতে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের প্রায় ৮০ শতাংশই আসে বিদেশি তহবিল থেকে। কিন্তু বর্তমান যুদ্ধে ৭১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের পুঁজি সংগ্রহ বা বিনিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত। এর মধ্যে ১১ শতাংশ প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়েছে। আশঙ্কাজনক যে, ৩১ শতাংশ প্রযুক্তিপ্রতিষ্ঠান ব্যবসা বিদেশে সরানোর কথা ভাবছে। তাদের মধ্যে ২৫ শতাংশের আশঙ্কা, যুদ্ধ আরও এক মাস চললে ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল