চলতি বছরে বড় আকারে নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের মধ্যে আইফোনসহ প্রায় ১১টি প্রযুক্তিপণ্য বাজারে আনতে পারে এই প্রতিষ্ঠান। এই সম্ভাব্য তালিকায় ট্যাবলেট, কম্পিউটার, পরিধানযোগ্য যন্ত্র এবং স্মার্ট হোম পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে। অ্যাপল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বাজার বিশ্লেষকদের মতে বছরজুড়ে ধাপে ধাপে নতুন পণ্য বাজারে আনা অ্যাপলের গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।
এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু আইফোন ১৮ প্রো সিরিজ। প্রাথমিক তথ্য অনুসারে, আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ এই সিরিজে নকশা ও ক্যামেরা প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। জানা গেছে, পর্দার নিচে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করে সামনের নতুন নকশা আনার চেষ্টা করছে অ্যাপল। এতে বর্তমান ডায়নামিক আইল্যান্ডের প্রয়োজন কমে যেতে পারে, এমনকি পুরোপুরি বাদও পড়তে পারে।
আইফোন ১৮ প্রো সিরিজের ক্যামেরা ব্যবস্থায়ও নতুনত্ব আসার ইঙ্গিত পাওয়া গেছে। প্রো মডেলের একটি লেন্সে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে, যা ছবির আলো ও ডেপথ আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করবে। এছাড়া কম আলোয় উন্নত ছবি তোলার জন্য নতুন সেন্সর ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
নতুন সিরিজের আইফোনে এ২০ প্রো প্রসেসর ব্যবহার হতে পারে। এতে গতি ও শক্তি দক্ষতা বাড়বে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষমতাও বৃদ্ধি পাবে। আকারে বড় ব্যাটারি যুক্ত হলে প্রো ম্যাক্স মডেলের পুরুত্ব কিছুটা বাড়তে পারে।
আইফোন প্রো সিরিজের বাইরে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন তৈরির উপরও কাজ চলছে অ্যাপলের। এতে ভেতরে বড় পর্দা এবং বাইরে ছোট পর্দা থাকতে পারে, মাল্টিটাস্কিংয়ের জন্য বিশেষ সফটওয়্যারসহ।
আইপ্যাড লাইনআপেও পরিবর্তন আসতে পারে। আইপ্যাড ১২-তে নতুন প্রজন্মের দ্রুতগতির চিপ ও অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত হতে পারে। আইপ্যাড মিনিতে ওএলইডি ডিসপ্লে ও উন্নত নির্মাণশৈলী থাকার সম্ভাবনা রয়েছে।
ম্যাক কম্পিউটার সিরিজ হালনাগাদের পরিকল্পনাও রয়েছে। ম্যাক স্টুডিও, ম্যাক মিনি এবং আইম্যাকে নতুন এম৫ প্রসেসর যুক্ত হতে পারে। নতুন নকশার ম্যাকবুক প্রোতে ওএলইডি পর্দা থাকতে পারে।
পরিধানযোগ্য ডিভাইসে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রার হালনাগাদ সংস্করণ আসার সম্ভাবনা রয়েছে। স্মার্ট হোম পণ্যের দিকেও অগ্রগতি দেখা যাচ্ছে। নতুন স্মার্ট হোম হাব, অ্যাপল টিভি ও হোমপডের আপডেটেড সংস্করণ উন্মোচিত হতে পারে। ভার্চুয়াল সহকারী সিরির উন্নত সংস্করণের পর এসব পণ্য বাজারে আনতে পারে অ্যাপল।
সূত্র: ইন্ডিয়া টুডে






