নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের হাসানহাটে এক ব্যবসায়ীর বাড়ির ছাদের পানির ট্যাঙ্কে ৭৫০ লিটার ডিজেল মজুত পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। পরে বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়িটি ফিশিংবোট ব্যবসায়ী বসির সারেংয়ের। তাঁর বাড়িতে জ্বালানি তেল মজুত রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে বসির সারেংয়ের বাড়ির ছাদের পানির ট্যাঙ্কে ৭৫০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়।

জানতে চাইলে ইউএনও আকিব ওসমান মুক্তকণ্ঠকে বলেন, "জ্বালানি তেলের চলমান সংকটে যাতে নিজেকে ভুক্তভোগী না হতে হয়, সে লক্ষ্যে বসির সারেং বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল মজুত করে রেখেছিলেন। কিন্তু আইন অনুযায়ী বর্তমান সময়ে তিনি এভাবে তেল মজুত রাখতে পারেন না।" তাই এসব ডিজেল জব্দ করে নিলামের বিক্রি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।