রাজধানীর হাজারীবাগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
মৃত শিক্ষার্থীর নাম সাইদুল আমিন ওরফে সীমান্ত (২৫)। তিনি ঢাবির রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সাইদুল হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় মেসে বসবাস করতেন।
তার চাচা রুহুল আমিন মুক্তকণ্ঠকে জানান, তারা খবর পেয়েছেন যে গত রাতে সাইদুল বিষাক্ত কিছু খেয়েছিলেন।
ঘটনার বিবরণ তুলে ধরে রুহুল আমিন বলেন, সাইদুল যে কক্ষে থাকতেন, সেখানকার দরজা ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। তার রুমমেট বাইরে থেকে এসে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি বাড়ির মালিককে খবর দেন। পরবর্তীতে বাড়ির মালিকসহ অন্যরা দরজা ভেঙে সাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দিবাগত রাত সোয়া একটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় জানানো হয়েছে।
সাইদুলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তার বাবার নাম সদরুল আমিন। তিনি একটি ব্যাংকে চাকরি করেন। সাইদুল এক ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন।






