সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘সুড়ঙ্গ ২’ পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে—এমন খবর। কিন্তু সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল মুক্তকণ্ঠকে জানান, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে না।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছবিটি পরিচালনা করেন রায়হান রাফী। আলফা আই ও চরকির প্রযোজনায় তৈরি এই সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন আফরান নিশো।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর আরেক ছবি ‘তাণ্ডব’-এও মাসুদ চরিত্রটি দেখা যায়। এরপর থেকে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রযোজকেরা জানান, তারা সিনেমাটি নির্মাণ করবেন, তবে ঈদুল আজহায় নয়।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর হয়েছে, ‘সুড়ঙ্গ ২’-এ অভিনয় করবেন মাসুমা নাবিলা ও নাজিফা তুষি। কিন্তু শাহরিয়ার শাকিল বলেন, নাবিলা ও তুষির সঙ্গে সিনেমা নিয়ে কোনো আলোচনাই হয়নি।

শাকিল বলেন, “আমাদের সঙ্গে কোনো কথা না বলেই প্রতিবেদনটি করা হয়েছে। খবরটি কারা ছড়িয়েছে, কেন ছড়িয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই।” এই প্রযোজক জানান, ‘সুড়ঙ্গ ২’ ছবিতে কারা অভিনয় করবেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ছাড়াও তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ারসহ আরও অনেকে অভিনয় করেছেন।