বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা কি আইসিসির পথ অনুসরণ করছে? সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে র‍্যাঙ্কিং নিয়ে ফিফার এমনটাই দেখা যাচ্ছে। ক্রিকেটে ওয়ানডে ও টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং প্রতি ম্যাচের পর আপডেট করে আইসিসি। এবার ফিফাও তেমনটাই করেছে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচের পর র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন ঘটেছে, যা অনুসরণ করা কঠিন হয়ে উঠেছে।

বাংলাদেশের অবস্থা দেখলেই বোঝা যায়। এই উইন্ডোর আগে ফিফা ১৯ জানুয়ারি র‍্যাঙ্কিং আপডেট করেছিল। তখন ৯১১.১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল ১৮০ নম্বরে। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে র‍্যাঙ্কিংয়ে দেখা গেল, বাংলাদেশ ১৮১ নম্বরে নেমেছে।

কোনো ম্যাচ না খেললেও অন্য দলগুলোর ওঠানামায় বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। ভিয়েতনামের কাছে হারের পরও এটি ১৮১ নম্বরেই ছিল। তবে ফিফার ওয়েবসাইটে দেখা গেল, ৯০৮.৭২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এক ধাপ পেছিয়েছে। সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপ বাছাইপর্বে হারের পর পরশু রাতের সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ ১৮১ নম্বরে। কিন্তু ফিফার পেজে এক ধাপ পেছানোর চিহ্ন দেখা গেছে। আসলে জানুয়ারির পর ১ এপ্রিলের অফিশিয়াল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপই পিছিয়েছে।

মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জয়লাভ করেছে ফ্রান্স। স্পেন ও আর্জেন্টিনাকে ছাড়িয়ে গতকালের ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশের দল। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এটাই ফ্রান্সের প্রথম শীর্ষস্থান।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সের পয়েন্ট ১৮৭৭.৩২, দুই ম্যাচ জিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে ৭.৩২। ১৮৭৬.৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্পেন। ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে প্রথম ম্যাচে হেরে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ নেমে ছয় নম্বরে। তাদের টপকে পর্তুগাল পঞ্চম স্থানে উঠেছে। চতুর্থে ইংল্যান্ড।

*বন্ধনীতে অবস্থান পরিবর্তন