নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপের জন্য তাঁর স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টেড যাবে না। এ ব্যাপারে সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্পিকার এসব কথা বলেন। এর আগে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে গতকাল গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে ইলিয়াস আলীকে ‘হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার’ প্রসঙ্গ তুলে ধরেন।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, “ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব-১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ। ইলিয়াস আলী আপনার (স্পিকারের) সহকর্মী ছিলেন। আজকে ইলিয়াস আলী যদি বেঁচে থাকতেন তাহলে একসঙ্গে এই সংসদে থাকতাম। যেটুকু জেনেছি ২০১২ সালের ১৭ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে তাঁকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটি করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সব ইতিহাস ফেল করবে। শেখ হাসিনা কী ধরনের অভিনেত্রী ছিলেন! তাঁর নির্দেশ ছাড়া যেমন ইলিয়াস আলী গুম হননি, তাঁর নির্দেশ ছাড়া তাঁকে হত্যাও করা হয়নি। তাঁর (ইলিয়াস আলী) স্ত্রী শিশুসন্তানকে নিয়ে তাঁর (শেখ হাসিনার) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের আশ্বাস দিয়ে বলেছিলেন, ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।”
এ বিষয়ে স্পিকার বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক। সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। ইলিয়াস আলীর সহধর্মিণী মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছেন। বিষয়টি তিনি সংসদে একবার উত্থাপন করেছেন। আমি তাহসিনা রুশদির মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ জানাব, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিশ দিতে পারেন। তা ছাড়া এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিমিলার কতগুলো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে। ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন। এই দেশের উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর হত্যাকাণ্ড আনপানিস্টড (বিনা শাস্তিতে পার পেয়ে যাওয়া) যাবে না। এ ব্যাপারে এই সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”






