ময়মনসিংহের ফুলপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এক কন্যাশিশু জন্মগ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছনকান্দা বাজার এলাকায় তিনি সন্তান প্রসব করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
স্থানীয় বাসিন্দাদের জানানো মতে, আনুমানিক ২৫ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে ছনকান্দা বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। কাউকে কিছু জিজ্ঞেস করলে শুধু নিজের নাম বলতে পারতেন। বৃহস্পতিবার সকালে ছনকান্দা বাজারে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। বেলা তিনটার দিকে স্থানীয়রা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানান। এরপর প্রশাসন মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, খবর পেয়ে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নারীর পরিবারের খোঁজ করা হচ্ছে। পরিবার পাওয়া গেলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তা না হলে নবজাতক শিশুটির সুরক্ষা ও ভবিষ্যৎ চিন্তা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






