বলিউডের ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রণবীর কাপুরের ‘রাম’ লুক নিয়ে যে কৌতূহল ছিল, টিজার তা আরও বাড়িয়ে দিয়েছে। আজ প্রকাশিত এই টিজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে জোরকদমে।
পরিচালক নিতেশ তিওয়ারির দীর্ঘদিনের স্বপ্নের ফল ‘রামায়ণ’। টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তাঁর সাত বছর সময় লেগেছে। তাঁর ভাষায়, ‘এই যাত্রা খুবই অনিশ্চিত ও একাকী। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অপেক্ষাটা সার্থক হয়েছে।’
লস অ্যাঞ্জেলসে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে একাধিক চরিত্রে রণবীর কাপুর বলেন, ‘আমি “রাম”কে প্রতিনিধিত্ব করতে আসিনি, বরং তাঁর কাছ থেকে শেখার জন্য এসেছি। তাঁর সরলতা ও পবিত্রতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ পরিচালকও বলেন, ‘রামের যাত্রা ভীষণ মানবিক—আমরা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছি।’
বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে শুধু রাম নয়, ‘বিষ্ণু’ ও ‘মহর্ষি পরশুরাম’-এর চরিত্রেও দেখা যেতে পারে। এই ‘ট্রিপল রোল’-এর মাধ্যমে বিষ্ণুর বিভিন্ন অবস্থার সংযোগ তুলে ধরা হবে। বিশেষ করে পরশুরামের লুকে তাঁকে চেনা কঠিন হবে—এমনটাই শোনা যাচ্ছে।
তারকাময় কাস্টিংয়ে বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকারা একসঙ্গে। সাই পল্লবী ‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’। এছাড়া রাঘব জুয়াল ‘মেঘনাদ’, কাজল আগরওয়াল ‘মন্দোদরি’ এবং রাকুল প্রীত সিং ‘শূর্পণখা’ চরিত্রে অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই ছবি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট তৈরি, উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ছবির আরেকটি আকর্ষণ—হান্স জিমার এবং এ আর রহমানের যৌথ সংগীত পরিচালনা, যা আবহকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
অ্যাকশন দৃশ্যের জন্য আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞ টেরি নোটারি এবং গাই নরিস যুক্ত হয়েছেন। দুই পর্বে নির্মিত এই ‘রামায়ণ’-এর প্রথম অংশ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে। টিজারের সাড়া দেখেই বোঝা যায়, ছবিটি মুক্তির আগেই প্রচণ্ড প্রত্যাশা জাগিয়েছে।






