শিরোনামের কথা সব সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে মানসিক স্বাস্থ্য রক্ষায় সম্পর্ক সীমিত করা, পরিমিত যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনে দেয়াল তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ‘জাজমেন্টাল’, গসিপপ্রবণ সামাজিক পরিবেশে এটি আরও জরুরি।
সীমিত সম্পর্ক বলতে মানুষের সঙ্গে সংক্ষিপ্ত ও পরিমিত যোগাযোগ বোঝায়। মাঝেমধ্যে টুকটাক খোঁজখবর নেওয়াই যথেষ্ট। যেমন ‘কেমন আছ?’, ‘কী অবস্থা?’, ‘সময় কেমন কাটছে?’—এর বেশি নয়।
ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা, নিজের জীবনের সংবেদনশীল তথ্য, দুর্বলতা বা পরিকল্পনা উন্মোচন করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। কারণ সবাই আপনার গল্প শোনার যোগ্য নয়।
১. ভুল মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা এড়াতে
যাদের সঙ্গে কিছু না ভেবে খুব আপন হয়ে যাই, তাদের কাছেই দুর্বলতা মেলে ধরি—তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাই।
সম্পর্ক যত বেশি কাছের, প্রত্যাশা ও চাপও তত বাড়ে। তাই সবার সঙ্গে আন্তরিকতা চলে না। খুব ঘনিষ্ঠতা মাত্র অল্প কয়েকজনের সঙ্গেই উপযুক্ত।
২. সবার ওপরে নিরাপত্তা
নিজের দুর্বলতা, ভয়, ব্যর্থতা বা সম্পদ, শক্তির কথা যত বেশি জানাবেন, অপব্যবহারের ঝুঁকিও তত বাড়বে। গোপনীয়তা রক্ষা করা জরুরি।
কারণ মানুষ যা জানে না, সেটা নিয়ে ক্ষতি করা সম্ভব হয় না। সীমা নির্ধারণ স্বার্থপরতা নয়, এটি মানসিক, শারীরিক ও ডিজিটাল সুরক্ষার জন্য অপরিহার্য।
৩. দিন শেষে আপনি একা
জীবনে মানুষ আসে-যায়। আপনার জীবন, ব্যক্তিগত দুঃখ, কষ্ট, অতীত, লড়াই ও সিদ্ধান্ত—সব শেষ পর্যন্ত আপনারই। দিন শেষে কেবল আপনিই নিজের পাশে থাকেন। তাই নিজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান।
এ কারণেই সবচেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী ও শিখর ছোঁয়া মানুষেরা একা থাকেন। সত্যিকারের সুখী মানুষদের সার্কেল খুব ছোট। কারণ তারা আত্মতৃপ্ত, নিজেকে নিয়েই সুখী।
৪. সবার সঙ্গে ভদ্রতা, তবে হৃদয় কেবল দু–একজনের জন্য
সবার সঙ্গে সদয় ও ভদ্র থাকুন। কিন্তু মনের দরজা সবার জন্য খোলা রাখা বোকামি। সীমা না থাকলে মানসিক চাপ বাড়ে।
৫. জীবনে খুব বেশি সম্পর্কের দরকারই নেই
অতিরিক্ত আশা, অধিকারবোধ ও হস্তক্ষেপ আসে যখন সম্পর্ক খুব কাছের হয়। সীমিত সম্পর্ক নিজেকে এসব থেকে রক্ষা করে। নিজের কাছে আশা করুন, নিজেই নিজেকে খুশি রাখুন।
সবাইকে আপন ভাববেন না। সবাই বিশ্বাসের যোগ্য নয়। মানুষ চেনা কঠিন। সীমিত সম্পর্ক মানে মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া। নিজেকে জানা ও নিজের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।
সূত্র: সাইকোলজি টুডে






