শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রকে এ বছর নতুন করে ৪০ হাজার বই দিয়েছে বিকাশ। গতকাল বুধবার বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা শেখ মো. মনিরুল ইসলাম এই বইগুলো হস্তান্তর করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে। বিকাশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে গত ১২ বছরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে বিকাশ ৩ লাখ ৬৭ হাজারের বেশি বই উপহার দিয়েছে। ২০১৪ সাল থেকে এই কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো দেশের প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এবারের ৪০ হাজার বই দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যার মধ্যে নতুন ৮০টি স্কুলও রয়েছে।

কয়েক দশক ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি চালিয়ে আসছে। এক যুগেরও বেশি সময় ধরে এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।

বই হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, "ভালো পরিবেশ পারে আলোকিত মানুষ তৈরি করতে। জ্ঞানচর্চা, পাঠাভ্যাস তৈরি ও আলোকিত মানুষ গড়ার বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান, যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান প্রমুখ।