লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে আসে এবং অনেকে আতঙ্কে কাঁদতে শুরু করে। শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে নিয়ে যান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে মোট ৩৯৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ৯৭ জন শিক্ষার্থী। ঠিক এই শ্রেণিতেই দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘ক্লাস চলাকালীন হঠাৎ করেই শ্রেণিকক্ষের ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে। আকস্মিক এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকেরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। ভবনটি নিরাপদ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






