শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারা আইপিএলে খেলার অনুমতি বা অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদা দেরানা।
চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল তুষারার। কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বোর্ড তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকার করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আইপিএলে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলায় তুষারা শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে বিবাদী করেছেন। কলম্বো জেলা আদালতে গত বৃহস্পতিবার এ বিষয় উত্থাপিত হলে ৯ এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
মামলায় তুষারা দাবি করেছেন, তাঁর শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে চুক্তির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তিনি ইতিমধ্যে বোর্ডকে কেন্দ্রীয় চুক্তি নবায়ন না করতে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।
অনাপত্তিপত্র না পাওয়ার ব্যাপারে তুষারার যুক্তি, তাঁর ক্যারিয়ারের অধিকাংশ সময় যে ফিটনেস লেভেল ছিল, এখনো তাই আছে। আগে এই ফিটনেস নিয়ে কোনো সমস্যা ছাড়াই অনাপত্তিপত্র পেয়েছেন, কিন্তু এবার বাধা দেওয়া হচ্ছে যা তিনি অযৌক্তিক মনে করেন।
আইপিএলে খেলতে না পারলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন তুষারা। সর্বশেষ আইপিএল নিলামে বেঙ্গালুরু তাঁকে ১ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছিল। তিনি আদালতকে জানিয়েছেন, অনাপত্তিপত্র না পেলে বিশাল আর্থিক ক্ষতি হবে এবং ক্যারিয়ারের বড় সুযোগ হাতছাড়া হবে।
২০২৫ আইপিএল মৌসুমেও তিনি বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এবং একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন।






