গত বছর ব্র্যাক ব্যাংকের করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেটে’ রেকর্ড ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার লেনদেন হয়েছে। এ সময় লেনদেনের সংখ্যা ছিল ৮০ লাখ। আগের বছরের তুলনায় লেনদেনের পরিমাণ ৪৩ শতাংশ এবং সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বর্তমানে এই কর্পনেট সেবায় প্রায় ২ হাজার ৫০০টি ব্যবসাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে ব্র্যাক ব্যাংক জানিয়েছে। গত বছর ৯০০টির বেশি নতুন করপোরেট গ্রাহক এই প্ল্যাটফর্মে যোগ দিয়েছে। প্ল্যাটফর্মটির সক্রিয় গ্রাহকের হার ৬৫ শতাংশ। গ্রাহক প্রতিষ্ঠানগুলোর প্রায় দুই-তৃতীয়াংশই প্রতিদিনের ব্যাংকিং কাজে কর্পনেট ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের প্রতিষ্ঠানের সুবিধার জন্য কর্পনেট তৈরি করা হয়েছে। সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে লেনদেনের সুবিধা এখানে পাওয়া যায়। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের নগদ অবস্থান সম্পর্কে জানতে পারে এই প্ল্যাটফর্ম থেকে। গত বছর মোট লেনদেন সংখ্যার প্রতি ১০০টির মধ্যে ৮৫টি ডিজিটালভাবে সম্পন্ন হয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে টেলিযোগাযোগ, ওষুধ, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্য প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন হাউস, হাসপাতাল, বেসরকারি সংস্থা, দূতাবাস, শিপিং লাইন ও এয়ারলাইন, বহুজাতিক কোম্পানি, প্রাতিষ্ঠানিক গ্রাহকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো এখানে বড় অঙ্কের লেনদেন করে।

প্ল্যাটফর্মটি নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করেছে আমাদের কর্পনেট সেবা। ভবিষ্যতে আমরা কর্পনেট ইকোসিস্টেম আরও বিস্তৃত করব, যা নতুন সেবা ও অ্যানালিটিকস সংযোজনের মাধ্যমে গ্রাহকের করপোরেট ব্যাংকিং আরও কার্যকর ও স্বচ্ছ করে তুলবে।’