সংসদে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে ‘আশানুরূপ সাড়া’ না পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য এবার মাঠের কর্মসূচিতে নামছে।

গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর এ ইঙ্গিত দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার জোটের শীর্ষ নেতারা আন্দোলনের বিষয় নিয়ে দুই ঘণ্টার বৈঠক করেন।

রাজধানীর গুলশানে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত হয়ে মতামত দেন। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনে যাওয়ার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

‘আন্দোলন ছাড়া আর পথ কী আছে’।

বৈঠকে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে না চাওয়া, চলমান জ্বালানি–সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মাঠের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আন্দোলনের বিষয়টি নিয়ে কিছু আলাদা উপকমিটি করা হয়েছে। তারা আন্দোলনের উপযুক্ত সময় ও তারিখ ঠিক করবে।

আখতার হোসেন আরও বলেন, ‘যত শিগগির সম্ভব, কর্মসূচি ঘোষণা করা হবে।’

ভোটাভুটির বিধান মানলে বিরোধীদলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী