ভক্তদের কাছে খায়রুল আর নীপা নামে পরিচিত এই জুটি পর্দায় হাসি আর আবেগের ঝড় তুলেছে। ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র মাধ্যমে অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়ার এই জোড়া দর্শকের মন জয় করেছিল। গত মাসে শেষ হয়েছে সেই ধারাবাহিক। এখন নতুন খবর এসেছে—আবার একসঙ্গে অভিনয় করছেন তারা। এবার তাঁদের দেখা যাবে ‘চেনা অচেনা’ ধারাবাহিকে।

দ্বিতীয় ধারাবাহিকে জুটি হিসেবে কাজ করতে পেরে খুশিতে লাফিয়ে উঠেছেন তাবাচ্ছুম ছোঁয়া। তিনি জানান, সবাই নাকি তাঁকে ‘খায়রুলের বউ’ বলে ডাকেন। হেসে বললেন, “ধারাবাহিক থেকে আমাদের জুটি শুরু। পরে দুটি একক নাটকে অভিনয় করেছি। সেগুলো সামনে আসবে। এবার দ্বিতীয় ধারাবাহিকেও আমরা একসঙ্গে। মজার ব্যাপার হচ্ছে, দেনা পাওনা শেষ হওয়ার পর অনেক এসএমএস পাচ্ছি। সবাই লিখছেন, আমাদের একসঙ্গে দেখতে চান। এমনকি তাঁরা আমাদের নাটকের শেষটাও মেনে নিতে পারেননি। দ্বিতীয় অংশও চাইছেন। এ ভালোবাসার কারণেই একসঙ্গে কাজ করা।”

জুটি থেকে গুঞ্জন

হঠাৎ করেই দুবছর আগে ধারাবাহিক নাটকে অভিনয়ের ডাক পান তাবাচ্ছুম ছোঁয়া। একসময় বুঝতে পারেন যে গল্পে তিনি ও অ্যালেন শুভ্র জুটি। শুরুতে ভেবেছিলেন, সচরাচর যা হয়, সেভাবেই নাটকটি শেষ হবে। কিন্তু না। তাঁরা একসময় দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এই জুটি এতটাই জনপ্রিয় হন যে তাঁদের প্রেম রয়েছে বলে গুঞ্জন ছড়ায়। এমনকি ছোঁয়া একবার জানিয়েছিলেন, তাঁর মা তাঁদের পর্দায় দেখে বলেছিলেন, “খায়রুলকে (অ্যালেন শুভ্র) বিয়ে করতে পারিস।” এ নিয়ে এক সাক্ষাৎকারে অ্যালেন শুভ্র বলেছিলেন, “আন্টির সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। তাঁকে আমি সালাম দিতে চাই। চরিত্রের প্রয়োজনে আমরা...আমি আসলে এ প্রসঙ্গে কোনো কথাই বলতে চাই না।”

কেন তাঁরা জনপ্রিয়

অ্যালেন শুভ্র মনে করেন, মূলত ভালো অভিনয়ের কারণেই দর্শকেরা তাঁদের পছন্দ করেন। বাস্তবতা ফুটিতে তুলতে বাড়তি কিছু করেন না। তবে ছোঁয়ার মতে দুটি কারণ রয়েছে, “প্রথমত, জুটি হিসেবে আমাদের অনেক বেশি বাস্তব মনে হয়। মনে হয়, আমি সত্যিই খায়রুল (অ্যালেন শুভ্র) ভাইয়ের বউ। যে কারণে দর্শক কিন্তু আমাকে ভাবি বলেও ডাকেন। আর দ্বিতীয়ত, নিজের প্রশংসা করতে হয়। আমি অতটা ভালো অভিনয় করি না। কিন্তু দর্শক আমাদের অভিনয়ের কারণে ভালোবাসেন। সব সময় আমরা চেষ্টা করেছি, আমাদের রসায়ন ফুটিয়ে তুলতে। ভালো গল্প ও নির্মাণের জন্যই সব সম্ভব হয়েছে।” চরিত্রে ঢুকে আমি শান্তি পাই।

বিয়ে ঘিরে পরিচয়

এবার একেবারেই উল্টো চরিত্রে অভিনয় করবেন এই জুটি। তাবাচ্ছুম ছোঁয়াকে দেখা যাবে চঞ্চল চরিত্রে। অন্যদিকে রাস্তায় ভিক্ষা করেন এমন ভূমিকায় অ্যালেন শুভ্র। মূলত একটি বিয়েকে ঘিরে তাঁরা এবার জুটি হয়ে সামনে আসছেন। মিনি এই সিরিজের প্রথম পর্ব গতকাল বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টে। এটি পরিচালনা করেছেন ওমর ফারুক। প্রযোজনা করেছেন মোস্তফা কামাল রাজ। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল মিঠু, এম এন ইউ রাজু প্রমুখ।