চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন-বেচাকেনা, অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘লেংটার মেলা’র কার্যক্রম পুলিশ বন্ধ করে দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেলতলী এলাকার মেলা প্রাঙ্গণে স্থাপিত কন্ট্রোলরুম থেকে এ ঘোষণা দেওয়া হয়।
প্রশাসনের অনুমতি ছাড়াই গত মঙ্গলবার সকাল থেকে মেলা শুরু হয়েছিল। সেই সন্ধ্যায় মেলা চত্বরের কন্ট্রোলরুম থেকে মতলব উত্তর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল হ্যান্ডমাইকে ঘোষণা করেন, “মাদক সেবনসহ নানা অশ্লীলতার অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সন্ধ্যার পর থেকে মেলার কার্যক্রম বন্ধ করা হলো।” এবং সংশ্লিষ্ট সবাইকে মেলা এলাকা ত্যাগ করার অনুরোধ জানান।
স্থানীয় সূত্র জানায়, প্রয়াত পীর ও সাধক হজরত শাহ সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৭ চৈত্র উপজেলার বেলতলীতে তাঁর মাজার শরিফ এলাকায় সাত দিনব্যাপী মেলা ও ওরস অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। এ মেলায় ১০-১৫ লাখ লোকের সমাগম ঘটে। এবারও মঙ্গলবার সকালে ভক্তবৃন্দ ও লেংটা বাবার মাজারের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অনুমতি ছাড়াই মেলা শুরু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, মেলা শুরুর পর এলাকায় প্রকাশ্যে মাদক সেবন, মাদক কেনাবেচা, অশ্লীল নৃত্যসহ নানা অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে। দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। মাদকসেবীদের হামলায় জখম হন ওই মাজারের সেবক মতিউর রহমান ওরফে লাল মিয়া। এসব কারণে মেলা শুরুর দুই দিনের মাথায় এটি বন্ধ করা হয়।






