নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে একটি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া নয়টার দিকে জেলা শহরের মাইজদী-চৌমুহনী মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিসসংলগ্ন এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতের নাম মো. রাজু (২৮)। তিনি সেই বাসের চালকের সহকারী ছিলেন। রাজু জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সাখায়েত উল্যার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে যাচ্ছিল। মাইজদী বাজার আয়কর অফিসসংলগ্ন এলাকায় পৌঁছে চলন্ত অবস্থাতেই চালকের সহকারী রাজু হঠাৎ সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাড়াতাড়ি এসে তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের সহকারী অসাবধানতাবশত বাস থেকে পড়েছেন। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






