মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এর আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি সভাটি সম্পন্ন হয়। কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করণীয়’ বিষয়ে আলোচনা করেন। এই আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।

স্কুলে কোনো ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হলে সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য অভিভাবকের কী করা উচিত? অথবা শিশুকে আরও সাহসী করে ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুত করবেন? এসব প্রশ্নের জবাবে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘সমাধানটা এক কথায় নেই, কারণ একেকটা ঘটনা একেক রকম। তবে তার আগে আমি একটা বিষয় যোগ করতে চাই—কীভাবে বুঝবো যে আমাদের সমস্যা হচ্ছে? বাচ্চারা যখন স্কুলে যেতে চায় না বা অপছন্দ করে, তার কিন্তু একটা খুব কমন প্রকাশ থাকে পেট ব্যথা। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে শিশুটি বোধহয় অভিনয় করছে, স্কুল এড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু পেট ব্যথা কিন্তু তার অভিনয় নয়।এটি মানসিক চাপের একটি শারীরিক প্রকাশ। তাই শিশুর অনিচ্ছাকে তুচ্ছ না করে এর পেছনের কারণ খোঁজা জরুরি।’