দেশব্যাপী শিশুদের হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় ক্ষমতাসীন বিএনপি সরকারের কাছে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার একটি বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি তুলে ধরেন।
চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন এই দলের বিবৃতিতে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জ্বালানিসংকট নিয়ে সরকারের দ্রুত পদক্ষেপেরও সরকারের কাছে আহ্বান জানানো হয়।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সারা দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসাবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ। হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি ইতিমধ্যে আক্রান্ত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা জরুরি। কিন্তু হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’
জ্বালানিসংকট নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, জ্বালানির অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। জ্বালানিসংকটের কারণে নদীতে যেতে না পারায় খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে। আমরা জানি, এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি–রুজির ওপর আঘাত করে, তখন সরকারের উচিত ত্বরিত পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানির ব্যবস্থা করতে হবে। সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে নদীতে বা সাগরে যেতে না পারলে তাঁদের আর্থিক সংকট তীব্র হবে।






