চলতি অর্থবছরের প্রথম আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২২৬ কোটি টাকা কম খরচ হয়েছে।

জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উন্নয়ন প্রকল্পে মোট ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ। গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা খরচ। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর হালনাগাদ তথ্যে এ ছবি সামনে এসেছে। আজ বুধবার আইএমইডি এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করে।

চলতি অর্থবছরে এডিপির মোট আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। প্রথম আট মাসের হিসাবে এটি গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাস্তবায়ন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, প্রকল্প বাস্তবায়নে এমনিতেই সক্ষমতার অভাব আছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে যাচাই–বাছাই করে প্রকল্প বাস্তবায়ন ও টাকা খরচে কিছুটা কৃচ্ছ্রসাধনের কারণে উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়েছে।

সংসদবিষয়ক সচিবালয়ের বাস্তবায়ন শূন্য

সংসদবিষয়ক সচিবালয়ের একটি প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু গত আট মাসে এক টাকাও খরচ করা সম্ভব হয়নি। ফলে এ সচিবালয়ের প্রকল্প বাস্তবায়ন হার শূন্য।

অর্থবছরের আট মাস অতিবাহিত হলেও বরাদ্দের ১০ শতাংশও খরচ করতে পারেনি পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ। সংসদবিষয়ক সচিবালয় ছাড়া অন্যান্য চারটি হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়।