ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ধানমন্ডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে এটিকে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিশ্বাস নেওয়ার জায়গার খুব অভাব। আমরা এই লেককে তার আদি প্রাকৃতিক রূপে সংরক্ষণ করতে চাই।’
আজ বুধবার দুপুরে লেক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনের সময় লেকের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দেখে ক্ষুব্ধ হয়ে প্রশাসক বলেন, ‘এখানে প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমানে দেখে মনে হচ্ছে পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।’
লেকের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে। এই কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে।
প্রশাসক জোর দিয়ে বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া লেকের পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান হবে না। আমরা চাই স্থানীয় বাসিন্দারাই লেকের পাহারাদার হিসেবে কাজ করবেন।’
রবীন্দ্রসরোবরের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেও প্রকৃতির কোনো ক্ষতি না হওয়া নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে প্রশাসক বলেন, ডিএসসিসি পরিচালিত অভিযানের কার্যকারিতা টেকসই করতে জনগণকে সঙ্গে নিতে হবে। স্থানীয় বাসিন্দারা সচেতন হয়ে সহযোগিতা করলে ধানমন্ডি লেক তার চিরচেনা সৌন্দর্য ফিরে পাবে।
পরিদর্শনকালে স্থপতি ইকবাল হাবিবসহ সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






