সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৫ বারের মতো পিছিয়ে গেছে। আজ বুধবারও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি।
আজ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। তবে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ৭ মে নতুন করে তারিখ ঠিক করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতকে জানিয়েছেন, মামলার তদন্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে। তদন্তে অগ্রগতি হয়েছে। খুব শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন এবং রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।
হত্যার এক যুগ পর সাংবাদিক দম্পতি সাগর–রুনির মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেয় পিবিআই। শুরুতে এ মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছিল।






