‘এরা গরিব মানুষ। মনে করেন, হাজার হাজার দোকান। এই যে এই জিনিসগুলান নষ্ট হইতেছে। আবার তো তারা ঠিকই বইব (বসবে)। দুই দিন পরে হোক, তিন দিন পরে হোক, এরা ঠিকই বইব। এরা কই (কোথায়) যাইব।’ রাজধানীর যাত্রাবাড়ী মোড়ের এক ফল ব্যবসায়ী এভাবে বলছিলেন।

আজ বুধবার সকাল থেকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়েছে। এই অভিযানে দোকান হারিয়েছেন ওই ফল ব্যবসায়ী।

তবে সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা করলে জনগণের কষ্ট হয়, সেটা স্বীকার করে তিনি বলেন, ‘সরকার যদি উদ্যোগ নিয়া একটা সাইড করে ডিসপ্লে করে দিত, তাইলে সুন্দর হতো জিনিসটা।’

ব্যবসায়ীর এ কথায় জবাব দেন ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহেল বাকী। তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন সময় আপনাদের বলা হয়েছিল, একটা পাশে আপনারা সুন্দরভাবে বসেন। বাকিটা খোলা রাখেন, যেন জনসাধারণ হাঁটতে পারে, যানবাহন চলাচলে কোনো ক্ষতি না হয়।…আপনারা তা করেন না। আপনারা সড়কে দুই–তিন লাইন করে বসেন। ফুটপাত আটকে রাখেন।’

আজ বেলা ১১টার পর ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আজাদ রহমানের নেতৃত্বে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়। এ সময় পুলিশ ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের দোকান ও মালামাল জব্দ করে।

স্থানীয় সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুলিশের একটি দল শহীদ ফারুক সরণির সড়কের দুপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে অবৈধ স্থাপনা দেখলে তা সরাতে বলছে। কিছু ক্ষেত্রে পুলিশ সদস্যরাই সেগুলো সরিয়ে নেয়। এ সময় অবৈধ দখলের জন্য সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান মোট ১৩ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করেন।

শহীদ ফারুক সরণিতে অভিযান শেষ করে দুপুর ১২টার দিকে পুলিশ যাত্রাবাড়ী মোড়ের ফল মার্কেটে পৌঁছে। তবে আগে থেকে খবর পেয়ে অনেক ভাসমান ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে ফেলেন। তারা মালামাল নিয়ে পাশের একটি পার্কে অবস্থান নেন। তবে পড়ে থাকা জিনিসপত্র পুলিশ সরিয়ে নেয়।

ডিএমপির উপকমিশনার মো. আজাদ রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের এই অভিযান শুরু হয়েছে, বিশেষ করে সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে পথে চলাচল করতে পারে, সে জন্য। ফুটপাতে যেসব দোকানের এক্সটেনশন আছে, তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এর আগে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। যাঁরা মানেননি, তাঁদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান চলমান থাকবে।’

বেলা তিনটার দিকে যাত্রাবাড়ী মোড়ে দেখা যায়, সেখানে সড়কে ফল বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা।