সরকার দেশের চারটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে। একই সঙ্গে এই জেলাগুলোতে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত এক মাসে তিন দফায় মোট ২০টি জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ এমন যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে যোগদান করেছিলেন, কয়েক মাসের মধ্যেই তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন চলছে। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসকসহ অন্যান্য পদে আরও পরিবর্তন হতে পারে বলে সচিবালয়ে আলোচনা চলছে।

বুধবার প্রত্যাহৃত চার জেলার নাম পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। এই জেলার বর্তমান ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

জাতীয় নির্বাচনের পর গত ১ মার্চ প্রথমে গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জেলার ডিসি প্রত্যাহার করা হয়। ১৫ মার্চ এই জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ মার্চ রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবানসহ ১১টি জেলার ডিসি প্রত্যাহার করে নতুন নিয়োগ করা হয়েছে।