রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ফুটপাত জব্দকারী অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়েছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অভিযানকৃত এলাকায় স্থায়ী দোকানগুলোর সামনের বর্ধিত অংশই ফুটপাত দখলের প্রধান কারণ।

অভিযানের খবর পেয়ে অনেক ভ্রাম্যমাণ বিক্রেতা আগেই দোকান গুটিয়ে পালিয়েছেন। কেউ কেউ মালামাল ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন।

ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন অভিযান তদারক করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এটি চালানো হয়। ফুটপাত পর্যন্ত ছড়িয়ে পড়া দোকানের বর্ধিত অংশগুলোর মালিকদের সতর্ক করা হয়।

উচ্ছেদ চলাকালীন ডিসি ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, "ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীরা মূল রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হন। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।" তিনি জানান, এই সমস্যা সমাধানে ডিএমপি কমিশনার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন। আট দিন আগে জারি গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ফুটপাতসংলগ্ন কোনো ব্যবসা বা সেবাপ্রতিষ্ঠান ফুটপাতে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে না। গতকালও পুলিশ সদস্যরা প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

সাংবাদিকরা প্রশ্ন করলে ডিসি ছানোয়ার হোসেন বলেন, আজকের অভিযান মূলত স্থায়ী দোকানগুলোর ফুটপাত দখলের বিরুদ্ধে। তাঁরা ১০ মিনিট সময় দিয়েছেন এগুলো সরানোর জন্য। সরানো না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের পর এলাকাটি নিয়মিত মনিটর করা হবে।

আরেক প্রশ্নে তিনি বলেন, অধিকাংশ প্রতিষ্ঠানই নিজেদের বর্ধিত অংশ সরিয়ে নিয়েছে। যারা এখনো সরায়নি, তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।