মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত মাদকবিরোধী পরামর্শ সভায় অভিভাবকদের ত্রুটিপূর্ণ আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ২০২৩ সালের ২০ মে (শনিবার) ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ট্রাস্টের আয়োজনে এই ১৬৮তম সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞদের কাছ থেকে উত্তর পান।

সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘আপনার সন্তান আপনার কথা শুনে নয়, বরং আপনার কাজ দেখে শেখে। আপনি কি খেয়াল করছেন আপনার রাগের প্রকাশ বা অন্যের সাথে আপনার আচরণ শিশুর মনে কেমন প্রভাব ফেলছে?’ ডা. রাহেনুল ইসলামের মতে, অভিভাবকদের ত্রুটিপূর্ণ আচরণই সন্তানের মানসিক ক্ষতির বড় কারণ। পরিবারের বড়দের কাছ থেকে শেখা এই নেতিবাচক ও ত্রুটিপূর্ণ আচরণগুলো সন্তানেরা বড় হয়ে মা-বাবার ওপর প্রয়োগ করতে পারে। তাই পরিবর্তনটা শুরু হোক আজ আমাদের থেকেই।