বিশ্বকাপ বাছাই লাইফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। জেনিকায় বিলিনো পোলজে স্টেডিয়ামে খেলা ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
১৫ মিনিটে ময়েজ কিনের গোলে ইতালি এগিয়ে যায়। ৪১ মিনিটে প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেসান্দ্রো বাস্তোনি। ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলেও গোল হজম করেনি তারা। তবে টাইব্রেকারে ইতালির হয়ে মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানন্তে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ২০১৪ সালের পর তারা আর বিশ্বকাপ খেলেনি। বসনিয়া স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল, যা ২০১৪ সালের পর তাদের প্রথম।
প্রিস্টিনায় প্লে অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে তারা এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলেই এলো জয়। প্রথমার্ধে কসোভোর একটি শট তুরস্কের পোস্টে লাগে। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়া কসোভোর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল।
স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় প্লে অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৫ মিনিটে সুইডারস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। কিন্তু ৮৮ মিনিটে ভিক্টর ইয়োরকায়েসের গোলে আবারও এগিয়ে যায় সুইডেন। শেষ পর্যন্ত এই গোলই পার্থক্য গড়ে দেয়। পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি পুরো সময় খেলেও গোল পাননি। ৩৭ বছর বয়সী এই বার্সেলোনা তারকা সম্ভবত তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন।






