রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল চালিয়ে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এক কলেজ ছাত্র মাহাথির মোহাম্মদ (১৭) নিহত হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের গাইজাগাড়া সেতুর কাছে।
নিহত মাহাথির বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে। সে বালিয়াকান্দি বহরপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।
তার দুলাভাই নাজমুল শেখ মুক্তকণ্ঠকে বলেন, ঈদের পর ছুটিতে তিনি নিজ বাড়ি বালিয়াকান্দির ইলিশকোল গ্রামে বেড়াতে এসেছিলেন। দুই দিন আগে একমাত্র শ্যালক মাহাথির তাঁর বাড়িতে গিয়ে মোটরসাইকেল চালানোর জন্য বায়না ধরে। এর পর থেকে তার কাছেই মোটরসাইকেলটি ছিল। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে যান। এ সময় খোঁজ নিয়ে জানতে পারেন, তেল ফুরিয়ে যাওয়ায় মাহাথির মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার একটি পাম্পে যাচ্ছিল।
নাজমুল শেখ আজ রাত ১০টার দিকে জানান, তাঁরা মাহাথিরের লাশের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে অপেক্ষা করছেন। এখানে পুলিশের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ বাড়ি নিয়ে যাবেন। মাহাথির পরিবারের একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে পরিবারের সবাই পাগলপ্রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মাহাথির মোটরসাইকেল নিয়ে বালিয়াকান্দির হুলাইল গ্রামের গাইজাগাড়া সেতুর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে। এতে সে মাথায় আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মোল্লা জানান, সন্ধ্যার আগমুহূর্তে মাহাথিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, পুলিশ সদর হাসপাতালে আছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






