আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই পোস্ট থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে লুবাবার বিয়ের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে মা জাহিদা ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পারিবারিক সূত্র থেকেও বিয়ের তথ্য নির্দিষ্টভাবে যাচাই করা যায়নি।
পোস্টে একটি ছবি থাকলেও বর-কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয়ও জানানো হয়নি। ফলে কে তাঁর জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের কৌতূহল জেগেছে। বিভিন্ন মাধ্যমে পাত্রকে বিদেশপ্রবাসী বা আলেম বলে দাবি করা হলেও এসবের সত্যতা যাচাই সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের দাবি নিয়ে নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন আগেই নীরবে বিয়ে হয়েছে, কেউ বলছেন এটি ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ার পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন।
গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদনজগত থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, আর প্রকাশ্যে আসবেন না। তাঁর মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এবার ব্যক্তিজীবন নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে বিয়ে হয়েছে—এমন নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।






