মেহেরপুর সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে প্রশাসন একজনকে আটক করেছে। এ সময় তার বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেলভর্তি চারটি ড্রাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোভিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে জেলা প্রশাসন এই অভিযান চালায়। আটকদের নাম মোয়াজ্জেম হোসেন (৪৫)। তিনি ফতেপুর গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতেপুর গ্রামের নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত করা হয়েছে—এই তথ্য পেয়ে সেখানে অভিযান করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোয়াজ্জেমের বাড়ি থেকে ড্রামভর্তি ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করছিলেন।
সহকারী কমিশনার এন্তামুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ডিজেল ও অভিযুক্ত মোয়াজ্জেমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানি তেল থানা হেফাজতে রাখা হয়েছে।






