মহান মুক্তিযুদ্ধ জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন। কোনো অপশক্তিই এই ইতিহাস মুছে ফেলতে পারবে না। শিক্ষার্থীরা যদি মুক্তিযুদ্ধের আদর্শে অটল থাকে, তাহলে দেশ কখনো পথভ্রষ্ট হবে না।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত এই অলিম্পিয়াডে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জাতিসত্তার মূল ভিত্তি। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস না জানালে ভবিষ্যতের নেতৃত্ব বিভ্রান্ত হবে। তাই বইপড়া, গবেষণা এবং এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে।

তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশ গড়বেন। তারা যদি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হয়, তবে দেশ কখনো পথ হারাবে না।

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে প্রথম স্থান জিতেন ইতিহাস বিভাগের তাসরিফা পুষ্পিতা রশ্মি, দ্বিতীয় স্থান পান সমাজবিজ্ঞান বিভাগের অনন্যা ম্রিধা ফারিহা, তৃতীয় হয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের তানজিলা রহমান শোভা। চতুর্থ স্থান লাভ করেন ইংরেজি বিভাগের আবদুল্লাহ শেখ আসিফ এবং পঞ্চম স্থান অধিকার করেন ইতিহাস বিভাগের মো. নয়ন ইসলাম। বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন অনু, সভাপতি নুসরাত জাহান সোনিয়া, সাধারণ সম্পাদক মো. তারেক হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবিদ হাসান বাঁধন, কার্যনির্বাহী সদস্য মো. অনন্ত প্রমুখ।