রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে মাত্র ৫ টাকার তুমুল ঝগড়ায় এক কেয়ারটেকারকে খুনের মামলায় আসামি মো. কাজলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১–এর বিচারক মো. নূরুল ইসলাম আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও আদালত কর্তৃক আরোপ করা হয়েছে।
দণ্ডিত কাজল ২০১৮ সালের ২৫ মার্চ থেকে কারাগারে বন্দি। আজ রায় ঘোষণার সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় পড়া শেষ হলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
আসামি কাজল নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. ফজর আলী এবং মায়ের নাম আয়েশা বেগম।
মামলার তথ্য অনুসারে, কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের জুলহাস মিয়া ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসায় ৩০ বছর ধরে কেয়ারটেকারের কাজ করে আসছিলেন। ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি বাসাটির সংলগ্ন সিমেন্টের দোকানের সামনে আসেন। তখন আসামি কাজল তার কাছে ৫ টাকা চান। টাকা দিতে বিলম্ব হলে কাজল হাতের ধারালো ছুরি দিয়ে জুলহাসের পেটে জোরে আঘাত করে। এতে গুরুতর আহত জুলহাস রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনের সাহায্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জুলহাসের ছেলে মো. সাইফুল শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
শেরেবাংলা নগর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সুজানুল ইসলাম মামলাটি তদন্ত করে একই বছরের ৯ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য আদালত গ্রহণ করেন।






