ঈদের সিনেমাগুলোর আয় নিয়ে অনলাইনে প্রতিদিনই নানা তথ্য ছড়িয়ে পড়ছে। কেউ কেউ আয়ের পরিসংখ্যান বাড়িয়ে বলছেন সব ছবিই সফল। এবার এসব খবর দেখে নায়ক ওমর সানী চটে উঠেছেন এবং ফেসবুক স্ট্যাটাসে ভর্ত্সনা করে প্রকাশ করেছেন। এমনকি তার সিনেমার আয় নিয়েও কেউ কেউ তামাশা শুরু করেছেন।
ওমর সানী ফেসবুকে লিখেছেন, “ঈদের সিনেমার ব্যবসার রিপোর্ট শুনি, কোনোটার ২ কোটি, কোনোটার ৩ কোটি, ৫ কোটি, ১০ কোটি টাকা। এবার আমি বলি টাকা...” এরপর তিনি বাক্য শেষ করেননি। এই পোস্টে বিভিন্ন মন্তব্য দেখে নায়কটি উত্তেজিত হয়ে পড়েছেন। চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু মন্তব্য করেছেন, “এদের সঙ্গে বাজে কথা বইলেন না বস।”
আফসানা আক্তার নামের এক ভক্ত ওমর সানীকে লিখেছেন, “আপনি নায়ক হিসেবে টাকাই পেয়েছেন ৫০ হাজার থেকে ১ লাখ। এখনকার নায়কের বাজেটই তিন কোটি। আপনার আদিম যুগের কাহিনি বাদ দেন। এখনকার নায়কের টাকা দিয়ে ওই যুগের ৫০ ছবি বানানো যাবে। লিখলেই টাকা আসে না, আমরা ছবি বানাইছি।” এর জবাবে ওমর সানী বলেছেন, “আমি তখন কত টাকা পেতাম আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন।”
ওমর সানীর এই মন্তব্যে শাহিন আলম নামের আরেক ভক্ত তামাশা করে লিখেছেন, “আপনার করা লাস্ট “ডেডবডি” সিনেমা। এই সিনেমা ১০০ কোটি ব্যবসা করেছে। এটা বিশ্বাস হয়।” ওমর সানী জবাব দিয়েছেন, “এটা হতেই পারে না।”
মূলত ‘ডেডবডি’ সিনেমার আয় ছিল কয়েক লাখ টাকা। সেই সময় ‘ডেডবডি’ সিনেমার প্রযোজক মোহাম্মদ ইকবাল একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর সিনেমার বাজেট মাত্র ৫৫ লাখ টাকা।
ইকবাল বলেছিলেন, “আমি টেলিভিশন, ইউটিউব রাইটস থেকে চোখ বন্ধ করে ৩০ লাখ টাকা সেল করতে পারব। ভারতে স্বত্ব বিক্রি করে পাব আরও ১০ লাখ টাকা। ৪০ লাখ তো আমার এখানেই উঠে গেছে। তিনটা স্পনসর ছিল। সবকিছু মিলিয়ে এই ছবি থেকে ১-২ লাখ টাকা হলেও লাভ করব।”
ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা—রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, মেহেদী হাসানের ‘রাক্ষস’ ও রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। ছবিগুলোতে বড় তারকাদের উপস্থিতি রয়েছে—শাকিব খান, আফরান নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরীফুল রাজ; আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। মুক্তির পর থেকে এসব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ স্পষ্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আয়-ব্যয়ের তথ্য ছড়াচ্ছে।






