আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ জারি করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবদুল জলিল মণ্ডলকে হাজির করা হয়। বেলা একটার দিকে ট্রাইব্যুনাল বসুন। শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার বলেন, “আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।” ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মণ্ডল।






