চট্টগ্রামের হাটহাজারীতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সত্তারঘাট এলাকায় হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।

নিহতের নাম সাজ্জাদ হোসেন (১৭)। সে উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার শামসুল আলমের ছেলে। হাটহাজারী পৌরসভা এলাকার একটি মোবাইল ফোন বিক্রির দোকানে সে কর্মচারী হিসেবে কাজ করত।

হাইওয়ে পুলিশের জানামতে, রাতে সাজ্জাদ তার বন্ধু তানভিরের সঙ্গে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল। সত্তারঘাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা খায়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। ছিটকে পড়ে আহত হন সাজ্জাদ ও তানভির। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, "মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়, আরেকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।"