কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক প্রত্যন্ত চরাঞ্চলে বাস করেন তাইজুল ইসলাম (৩০)। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামেই তিনি এখন বেশি পরিচিত। ফেসবুকে তাঁর এই নামে একটি পেজ রয়েছে। মহান স্বাধীনতা দিবসে নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে তাঁর একটি ভিডিও তাঁকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে।

২৬ মার্চ নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে মুঠোফোনে ভিডিওটি ধারণ করেন তাইজুল। এতে তিনি দোকানিকে জিজ্ঞাসা করছেন, জিলাপির দাম কত এবং সেটি কি সরকারি দরের সঙ্গে মিলছে। সরল, ভাঙা ভাঙা এই সংলাপ দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ভিডিওটির ভিউ হয়েছে প্রায় ৫৯ লাখ।

আমার মা–বাবা অসুস্থ, দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি। আমি কোনো সাংবাদিক না।
তাইজুল ইসলাম

ভিডিও ভাইরাল হওয়ার আগে ‘তাজু ভাই ২.০’ পেজের অনুসারী ছিল প্রায় ছয় হাজার। এখন সংখ্যা বেড়ে প্রায় তিন লাখ। কেউ তাঁর উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন, কেউ ব্যঙ্গ করছেন। কিন্তু তাঁর জীবনযাত্রা ভিন্ন।

তাইজুলের বাড়ি নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। ছয় ভাই-বোনের সংসারে তিনি সবার বড় এবং একমাত্র উপার্জনক্ষম। অভাবের কারণে কখনো স্কুলে যাওয়ার সুযোগ পাননি।

সর্বশেষ রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। কাজের ফাঁকে শখের ভিত্তিতে গ্রামে ফিরে মুঠোফোনে ভিডিও ধারণ করতেন। তাঁর বক্তব্য, আমার মা–বাবা অসুস্থ, দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি। আমি কোনো সাংবাদিক না।

মুঠোফোনে তাইজুলের সঙ্গে কথা বলে মুক্তকণ্ঠ। তিনি বলেন, ভিডিও করার আরেক উদ্দেশ্য চরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরা। জেলা শহরের সাংবাদিকরা এখানে তেমন আসেন না। তাঁর চাওয়া, ভিডিওর মাধ্যমে বাইরের লোক এলাকার খবর জানুক।

নিজেকে ‘বোকাসোকা মানুষ’ বলে তাইজুল জানান, ভুল হলে স্বীকার করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা ব্যঙ্গ তাঁকে কষ্ট দেয় না। বরং চরের মানুষের কথা সবাই জানুক, তাদের উন্নয়ন হোক—এটাই তাঁর চাওয়া।

তাইজুলের প্রতিবেশী ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, তাইজুল কাজের পাশাপাশি বিনোদনমূলক ভিডিও তৈরি করেন। তাঁর ভিডিওর আড়ালে এলাকার উন্নয়নবঞ্চনার কথাও ওঠে।

তাইজুলকে নিয়ে এলাকাবাসী গর্বিত জানিয়ে কবিরুল ইসলাম বলেন, অনেকে নানা কিছু করে ভাইরাল হচ্ছেন। কিন্তু তাইজুল উন্নয়নবঞ্চিত এলাকার ভিডিও করে ভাইরাল হয়েছে, এটা আমাদের জন্য গর্বের।