ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে ঘানা জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে ছাঁটাই করেছে। গতকাল রাতে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে পরাজয়ের পরপরই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই সময়ে কোচ পরিবর্তনের কারণে আফ্রিকার এই দলটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
জার্মানির সঙ্গে ম্যাচে ঘানা ভালোই খেলেছিল। ৮৮ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা বজায় ছিল। কিন্তু শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে তারা পরাজিত হয়।
জার্মানির কাছে হার ছাড়াও সাম্প্রতিককালে ঘানার চলছিল না ভালো সময়। গতকালের ম্যাচসহ এ নিয়ে তারা টানা ৪টি ম্যাচ হেরেছে। চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে পরাজিত হয়েছে তারা। এর আগে গত নভেম্বরে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে। এই পরপর হারের জেরেই আদ্দো চাকরি হারিয়েছেন।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বিবৃতিতে জানায়, ‘দলের জন্য অবদান রাখায় আমরা আন্তরিকভাবে অটো আদ্দোকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা রইল। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল পরিকল্পনা বা দিকনির্দেশনা যথাসময়ে জানানো হবে।’
৫০ বছর বয়সী আদ্দো ঘানার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২০২৪ সালের মার্চ থেকে। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম মেয়াদে তিনি এই দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে ঘানা ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল। সেখানে প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরেও পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারায়। তবে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। এই টুর্নামেন্টেই আদ্দো প্রথম ঘানাইয়ান হিসেবে খেলোয়াড় ও কোচ—দুই দায়িত্বেই দেশের প্রতিনিধিত্ব করেন।
২০২৪ সালের মার্চে আবার দায়িত্ব নিয়ে আদ্দো ঘানাকে আরেক বিশ্বকাপে নিয়ে যান। যদিও তাঁর অধীনে দলটি গত বছরের আফ্রিকা কাপ নেশনসে অংশ নিতে পারেনি।
পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ঘানা ‘এল’ গ্রুপে। এ গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। ঘানার প্রথম ম্যাচ ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে। তবে তখন ডাগআউটে আদ্দো নেই, থাকবেন অন্য কোচ।






