মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের ২০ মে (শনিবার) ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ট্রাস্টের আয়োজনে এ সভা হয়। এটি ছিল তাদের ১৬৮তম সভা, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞ আলোচকরা মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন।
সন্তানের সুস্থ মানসিক গঠন ও ব্যক্তিত্ব বিকাশে মা-বাবার আচরণের প্রভাব সবচেয়ে বেশি। শিশুরা অন্যের উপদেশের চেয়ে চারপাশের মানুষের কাজ দেখে বেশি শেখে। ১৬৮তম সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ ডা. রাহেনুল ইসলাম এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘মা-বাবা গৃহকর্মী বা অন্যদের সঙ্গে কীভাবে কথা বলছেন, কীভাবে নিজের রাগ বা বিরক্তি প্রকাশ করছেন—তা শিশুরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। অভিভাবকদের আচরণে কোনো ত্রুটি থাকলে তা শিশুর মানসিকতায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই আদর্শ সন্তান গড়ার আগে অভিভাবকদের নিজেদের আচরণ সংশোধন করা জরুরি।’






