৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের একাংশ লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাইয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে অনশনসহ কঠোর কর্মসূচি পালন করবে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থী মেহরুজ রহমান রাফসান পিএসসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা দুই মাস পিছিয়ে জুলাই মাসে নিতে হবে। ৫১তম বিসিএস থেকে পরবর্তী সব বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য ন্যূনতম চার মাস সময় দিয়ে সুশৃঙ্খল রোডম্যাপ তৈরি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার্থী সোহাগ মিয়া ৫৮ দিনের প্রস্তুতির সময়কে ‘অপর্যাপ্ত’ ও ‘অবিচার’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ১ হাজার ২০০ নম্বরের বিশাল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র ৫৮ দিন সময় দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই পর্যাপ্ত নয়।

সোহাগ মিয়া বলেন, ‘আমরা পিএসসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। পিএসসি যদি এর মধ্যে কোনো পদক্ষেপ না নেয়, সে ক্ষেত্রে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, আগের ব্যাচগুলো প্রস্তুতির জন্য সাত থেকে আট মাস সময় পেত।