‘ধুরন্ধর ২’–এর ঝড়ো সাফল্যের পর রণবীর সিং আলোচনার কেন্দ্রবিন্দুতে। আদিত্য ধর পরিচালিত এই সিকুয়েল ১৯ মার্চ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। অল্পকালে ভারতে ৭০০ কোটির বেশি নেট আয় করে ছবিটি। মুক্তির এক সপ্তাহেই বিশ্বব্যাপী এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করে। এবার বক্স অফিস ছাড়াও আরেক কারণে খবরে এসেছেন এই বলিউড তারকা।
সম্প্রতি বিমানবন্দরে একটি নতুন বিলাসবহুল গাড়িতে রণবীর সিংকে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’–এর সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই গাড়িটি পেয়েছেন। তবে বিষয়টির কোনো নিশ্চিত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
উপহার নিয়ে জল্পনা
নেট–দুনিয়ায় জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে যে, ছবির পরিচালক-প্রযোজক আদিত্য ধরের স্ত্রী ও অভিনেত্রী ইয়ামি গৌতম এই গাড়ি রণবীরকে উপহার দিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল জিপ তাঁকে দেওয়া হয়েছে ছবির সাফল্য উদযাপনের জন্য।
তবে এই দাবির সত্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। কেউ কেউ এটিকে ‘সোশ্যাল মিডিয়া হাইপ’ বলেও মন্তব্য করেছেন। তাই যাচাই না করা তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিচ্ছেন অনেকে।
ভক্তের জন্মদিনে চমক
এই জল্পনার মধ্যে বিমানবন্দরে রণবীর সিংয়ের একটি মানবিক মুহূর্ত ভাইরাল হয়েছে। সেখানে এক ভক্ত তাঁকে কেক উপহার দেন। রণবীর নিজে কেক হাতে নিয়ে সেই ভক্তের জন্য জন্মদিনের গান গাইতে শুরু করেন। এরপর ভক্তটি কেক কাটেন এবং অভিনেতাকে খাওয়ান। শুধু তাই নয়, রণবীর তাঁর সঙ্গে ছবি তোলেন এবং উপস্থিত আরও অনেক ভক্তের সঙ্গে সেলফি তুলে সময় কাটান। এই আন্তরিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।
বক্স অফিসে দাপট
এদিকে ‘ধুরন্ধর ২’–এর বক্স অফিস দাপট অব্যাহত। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৪১ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এতে ভারতে মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৭১৫ কোটি ৭২ লাখ রুপি। বিদেশের আয় যোগ করলে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় প্রায় ১ হাজার ১২৮ কোটি ৯৯ লাখ রুপি। হিন্দি ছবির মধ্যে এত দ্রুত এক হাজার কোটির ঘর ছোঁয়ার দিক থেকে এটি অন্যতম নজির।
রণবীর সিং ছাড়াও এই স্পাই থ্রিলার ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত ও রাকেশ বেদী।






