মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও পিটি প্যারোডে প্রত্যন্ত গ্রামের গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। উপজেলা শহরের নামকরা স্কুলগুলোকে পেছনে ফেলে পিটি প্যারোডে প্রথম স্থান নিয়ে এই অজপাড়া বিদ্যালয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক ও খ গ্রুপে মোট ১৬টি দল কুচকাওয়াজ ও পিটি প্যারোডে অংশ নিয়েছে। এর মধ্যে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা কুচকাওয়াজ খ গ্রুপে তৃতীয় স্থান এবং পিটি প্যারোডে প্রথম স্থান অর্জন করে গৌরবান্বিত হয়েছে। উপজেলার এই বিশাল আয়োজনে প্রধান অতিথি ছিলেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন, নিয়ামতপুর থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বিজয়ী শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ৪৬ নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। প্রত্যন্ত অঞ্চলের এই শিশুদের সাফল্য সমগ্র উপজেলায় আনন্দের সঞ্চার করেছে।






