সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ জারি করেন। সিআইডির আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

সিআইডির উপপরিদর্শক মো. আবদুল হান্নান মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, দায়িত্বকালে তিনি তদবির–বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আছে। এ অর্থ তিনি অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্ত যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিদেশযাত্রা রোধ করা জরুরি।