হাঙ্গেরির সেজেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী তামাস বোরকোভিটস মহাকাশে এখন পর্যন্ত সবচেয়ে ঘন নক্ষত্রযুক্ত নক্ষত্রমণ্ডলী আবিষ্কার করেছেন। এই নক্ষত্রমণ্ডলীতে তিনটি নক্ষত্র সূর্যের চারপাশে বুধ গ্রহের কক্ষপথের চেয়েও কম জায়গায় অবস্থিত। এই আবিষ্কার বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় কীভাবে নক্ষত্রগুলো এত কাছাকাছি জন্ম নেয়, টিকে থাকে এবং শেষমেশ একে অপরের সঙ্গে মিলিত হয়।

তামাস বোরকোভিটসের তথ্যমতে, নাসার টেস ডেটা বিশ্লেষণে প্রথমে দুটি নক্ষত্রের জোড়া মনে হয়েছে। কিন্তু আলোর তীব্রতা কমার ধরন দেখে তৃতীয় নক্ষত্রের অস্তিত্ব বোঝা যায়। এই তৃতীয় নক্ষত্রটি ৫১ দশমিক ৩ দিনে ভেতরের নক্ষত্রজোড়াকে প্রদক্ষিণ করছে। পরে গ্রাউন্ড-বেজড স্পেকট্রা থেকে চতুর্থ নক্ষত্র ধরা পড়ে, যা বাকি তিনটিকে ১ হাজার ৪৬ দিনে প্রদক্ষিণ করে। এই চার নক্ষত্রের প্রত্যেকটির বর্ণালিরেখা শনাক্ত করা সম্ভব হয়েছে, যা খুবই বিরল।

চারটি নক্ষত্রের ভর ও তাপমাত্রা নির্ভুলভাবে মাপা হয়েছে। এদের মধ্যে তিনটি সূর্যের চেয়ে অনেক বেশি উত্তপ্ত ও ভারী। সবচেয়ে বড়টির ভর সূর্যের তুলনায় ১ দশমিক ৭৫ গুণ। চতুর্থ নক্ষত্রটির ভর সূর্যের মতো। চমকপ্রদ যে, তিনটি বিশাল নক্ষত্র বুধের কক্ষপথের সমান জায়গায় ঘুরছে, আর চতুর্থটি সূর্য থেকে বৃহস্পতির দূরত্বের চেয়ে কম দূরে। এখন সিস্টেম স্থিতিশীল বলে মনে হলেও কম্পিউটার মডেল অনুসারে ভবিষ্যৎ নাটকীয় হবে।

বিজ্ঞানীদের মতে, ভেতরের নক্ষত্রগুলো চিরকাল আলাদা থাকবে না। সবচেয়ে বড় নক্ষত্র বড় হলে এর গ্যাস অন্যদের কক্ষপথে ছড়াবে। ফলে সংঘর্ষ ঘটবে এবং তারা মিলিত হবে। শেষে চারটি নক্ষত্রের পরিবর্তে দুটি হোয়াইট ডোয়ার্ফ অবশিষ্ট থাকবে।

সূত্র: আর্থ ডটকম