নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এই সিদ্ধান্ত নেন।
আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী। সেলিম মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এ নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এ ছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর ভাই ওয়াজেদ আলী হত্যা মামলাটি করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘সেলিম মন্ডল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাঁকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আদালতের কাছে এই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে কী তথ্য আছে, তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে বললেও তদন্তকারী কর্মকর্তা করেননি। গত ২৬ ফেব্রুয়ারিতে জামিন পাওয়ার পরদিনই সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক।’
একই সময়ে দুটি ঘটনায় কীভাবে একজন আসামি হতে পারেন, এ প্রশ্ন তুলে আইনজীবী দাবি করেন আইভী একজন গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ায় তাঁকে আগেই চেনার কথা, কিন্তু উদ্দেশ্যেপ্রণোদিতভাবে হয়রানি করতে এই হত্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
গত ৯ মে ভোর সাড়ে ছয়টায় অনেক নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ। এরপর তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন আইভী। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।






