মাদারীপুরে এক বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে উদ্ভূত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের থানতলী এলাকায় প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার ভোররাতে একই জায়গায় আবার সংঘর্ষ বেধে যায়। এবার অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের মাধ্যমে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ১৫টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে এবং ৫ জন আহত গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালিপ্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগডৌকা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মিটিয়ে দেন। তবে ঘটনার জের ধরে সন্ধ্যা থেকেই আকিব ও মঈন গ্রুপের লোকেরা দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সংঘর্ষে নামে। এ সময় দুই পক্ষই আধিপত্য দেখাতে একের পর এক ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। রোববার রাত সাড়ে আটটায় উভয় পক্ষ আবার সংঘর্ষ করে। তারা পাল্টাপাল্টি ধাওয়া করে ইটপাটকেল ছুড়ে মারে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর সোমবার ভোররাতে পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ৫ জন আহত হন। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটায় তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






