ঢাকার কদমতলীতে একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এ দুর্ঘটনায় এক যাত্রী নিহত হন এবং অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। রোববার বিকেলে কদমতলীর শ্যামপুর বাজার ইকোপার্ক এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত যাত্রীর নাম শেখ ফরিদ (৫২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার তালাশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে। শেখ ফরিদ সপরিবার ঢাকার দনিয়ার পলাশপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি কদমতলী থেকে যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
গুরুতর আহত শেখ ফরিদ ও ইয়ামিন (৩২) নামক আরেক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে শেখ ফরিদকে মৃত ঘোষণা করেন। আহত ইয়ামিন বর্তমানে চিকিৎসাধীন। অটোরিকশার চালক স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কদমতলী থানার উপপরিদর্শক মোশাইদুল মুক্তকণ্ঠকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






