নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ নামের (১৬) এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর কৈলাস গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের জানানো অনুযায়ী, নিহত জিহাদ একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তাহের মিস্ত্রি বাড়ির মো. বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় ইটভাটার শ্রমিক ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। বেলা দেড়টার দিকে জিহাদ পুকুরে গোসল করতে বসতঘর থেকে বের হয়। তখন বসতঘরের পাশের কড়ইগাছের নিচে দাঁড়িয়ে ছিল সে। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাত হয়। এতে জিহাদ অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকেরা তাকে তাড়াতাড়ি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী, গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।"