আইপিএলের টানা ১৩ মৌসুম ধরে প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি মুম্বাই ইন্ডিয়ানস। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্টে আজ তারা প্রথমবারের মতো মাঠে নামবে। প্রশ্ন উঠেছে আবারও—এবার কি প্রথম ম্যাচ জিততে পারবে দলটি?
পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি কেন টুর্নামেন্টের শুরুর ম্যাচেই হেরে যায়, তার কোনো যুক্তিসঙ্গত উত্তর নেই কোচ মাহেলা জয়াবর্ধনের কাছে। গতকাল সন্ধ্যায় তিনি এই বিষয়ে বলেন, “এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের পক্ষে ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার কোনো উপায় নেই। প্রথম ম্যাচেও জয়ের তাড়না আরও বাড়ানোর বিষয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমাদের শুধু এটাই করার আছে।”
তিনি আরও যোগ করেন, “আমি খেলোয়াড়দের কাছ থেকে আরও ভালো কিছুর তাড়না ধরে রেখে খেলার কথা বলেছি। এ ছাড়া আমরা আর কীভাবে প্রস্তুতি নিতে পারতাম তা আমি জানি না। কারণ, আমরা কমবেশি প্রতিটি ম্যাচের জন্যই একইভাবে প্রস্তুতি নিই। তবে আশা করি, আমি এই জুজু কাটাতে পারব।”
আজ মুম্বাইয়ের ম্যাচ ঘরের মাঠ ওয়াংখেড়েতে। এই মাঠে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে ১০টিতেই হেরেছে। এ থেকে অনুপ্রেরণা নিতে পারে মুম্বাই।
২০০৮ সালে আইপিএল শুরুর পর ২০১২ সাল পর্যন্ত টানা ৪ বছর প্রথম ম্যাচ জিতেছিল মুম্বাই। মজার বিষয়, প্রথম ম্যাচ জয়ের কোনো মৌসুমেই তারা শিরোপা জিতেনি। আর প্রথম ম্যাচে হারা ১৩ মৌসুমের মধ্যে পাঁচবার শিরোপা তুলেছে।
সম্প্রতি শিরোপা জয়েও মুম্বাই পিছিয়ে। দলটি সর্বশেষ ২০২০ সালে আইপিএল ট্রফি জিতেছে। ২০১৩ থেকে ২০২০—এই ৭ মৌসুমে এসেছে ৫টি ট্রফি। এখন আর সেই দাপট দেখানো যাচ্ছে না।
জয়াবর্ধন এ নিয়ে বলেন, “সত্যি বলতে, আমরা প্রতিবছরই জিততে চাই, তাই ট্রফি জয়ের ব্যবধানটা (কত দিন জিতিনি) আমাদের কাছে বড় কথা নয়। আমি বিষয়টাকে এভাবেই দেখি। আমাদের মূল লক্ষ্য হলো সেরা ক্রিকেট খেলে শিরোপা জেতা। তাই আমাদের কাছে এই সময়ের ব্যবধানটা কোনো বিষয়ই না। আইপিএল ট্রফি অবশ্যই অনেক বড় কিছু। কিন্তু আমাদের কাছে তার চেয়েও বড় হলো আমরা কীভাবে আমাদের ক্রিকেটটা খেলছি।”






